পলিথিন নিষিদ্ধের আইন বাস্তবায়নের দাবি দুই সংগঠনের
বাংলাদেশে পলিথিন ও পলিথিনজাত দ্রব্যসামগ্রীর অপ্রয়োজনীয় ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে। রাজধানীসহ সারা দেশে প্রায় এক হাজার নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানা রয়েছে।
আইনানুসারে পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি ও বিক্রয় নিষিদ্ধ রয়েছে। পলিথিন নিষিদ্ধের আইন বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
‘আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এডসো) যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, পলিথিনে মোড়ানো গরম খাবার ক্যানসার ও চর্মরোগের সংক্রমণ ঘটাতে পারে। পলিথিন থেকে সৃষ্ট ব্যাকটেরিয়া ডায়রিয়া ও আমাশয় রোগ ছড়ায়।
বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ এবং অপরাধীর শাস্তি প্রদান, পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ও কাপড়ের ব্যাগ সহজলভ্য করা, পলিথিন শপিং ব্যাগ তৈরির কাঁচামালের ওপর উচ্চ হারে কর আরোপ করার দাবি জানান বক্তারা।
পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের শপিং মলে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
ফলে সেখানে পাটের ব্যাগের চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্রে পাটের ব্যাগ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। পলিথিন নিষিদ্ধ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে, পাটের ব্যবহার বাড়বে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, এডসোর গবেষণা সহকারী মো. কাউসার উদ্দিন, হাসান তারিক চৌধুরী, আতিক মোরশেদ প্রমুখ।বিজ্ঞপ্তি।