পলিথিন বন্ধে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের কয়েক কোটি পাটচাষি এবং শ্রমিক লাভবান হবে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর কঠোর প্রয়োগে পরিবেশ এবং পাটশিল্প—দুটিই রক্ষা সম্ভব।
গতকাল মঙ্গলবার রাজধানীতে পরিবেশ অধিদপ্তর মিলনায়তনে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ এবং পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো বিষয়ে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে এ সভায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর কঠোর বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চান।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এক গবেষণার ফলাফলে দেখা যায়, রাজধানীতে প্রতিটি পরিবার দিনে গড়ে পাঁচটি পলিথিন ব্যাগ সংগ্রহ করে, যার চারটিই তাঁরা ফেলে দেয়। সভায় পাট অধিদপ্তরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মণ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শহীদুল্লাহ সিকদার, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এফবিসিসিআই, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), বিএসএফআইসি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন অধিদপ্তর, বিজিএমসি, এমসিসিআই, বিসিআইসিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।