সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পলিথিন ব্যাগে ভরে পোস্টার টানিয়েছেন। বাতাস ও কুয়াশা থেকে পোস্টার বাঁচানোর জন্য এটা করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
গতকাল বুধবার পৌরসভার ধানগড়া, রণতিথা, মহেশপুর, লক্ষ্মীকোলা, রায়গঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন প্রার্থীর পোস্টার টানানো হয়েছে। শীতের দিনে কুয়াশা ও বাতাসের হাত থেকে পোস্টার বাঁচাতে প্রার্থীর লোকজন পলিথিন ব্যাগে পোস্টার ভরে স্ট্যাপল পিন দিয়ে আটকে দড়িতে ঝুলিয়ে দিয়েছেন। পোস্টার টানাতে আসা তিনজন কর্মী বলেন, এভাবে টানালে পোস্টার সহজে নষ্ট হবে না।
নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন কাউন্সিলর প্রার্থী বলেন, পলিথিন ব্যাগ নিষিদ্ধ হলেও এভাবে পোস্টার টানানো সহজ। ধানগড়া বাজারের দুজন ব্যবসায়ী বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করার কারণে অনেক সময় ভ্রাম্যমাণ আদালতের শাস্তির সম্মুখীন হতে হয়। অথচ নির্বাচনী পোস্টার নিষিদ্ধ পলিথিনে মুড়িয়ে টানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।