পলিথিনের ব্যাগ নিষিদ্ধ কি না প্রশ্ন সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পলিথিনের তৈরি ব্যাগ নিষিদ্ধ কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। পরিবেশবিরোধী অভিযানে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলেও সংসদীয় কমিটি অভিযোগ করেছে।
গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশন ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই প্রশ্ন তোলা হয়। কমিটি পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মিজানুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে।
পরিবেশ আইন সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা এবং কোথাও পরিবেশবিরোধী কিছু ঘটলে সে জন্য অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা এনফোর্সমেন্ট বিভাগের কাজ। বৈঠক সূত্র বলেছে, বৈঠকে খোদ পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম এনফোর্সমেন্ট বিভাগের কাজে হতাশা প্রকাশ করেন। কমিটির সদস্যরা বলেন, প্রায় এক যুগ আগে দেশে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু নিষিদ্ধ হওয়ার আগে পলিথিন ব্যাগের ব্যবহার যে পর্যায়ে ছিল, এখনকার অবস্থা তার চেয়েও ভয়াবহ। কারখানাগুলো অবৈধভাবে পলিথিনের ব্যাগ উৎপাদন করে যাচ্ছে।