পলেস্তারা খসে পড়ছে আতঙ্কে শিক্ষার্থীরা
বিদ্যালয়ের ছাদ থেকে প্রায়ই খসে পড়ে পলেস্তারা। ছাদের বিম ভেঙে রড বেরিয়ে গেছে। দেয়ালেও ধরেছে ফাটল। এর মধ্যেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। গতকাল শনিবার পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে গেলে দেখা যায় বেহাল এ অবস্থা।জানা গেছে, ১৯৬৫ সালে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর পোরগোলা এলাকায় কয়েকজন শিক্ষানুরাগীর চেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র হালদার জানান, বর্ষাকালে বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে পানি পড়ে। দুই কক্ষবিশিষ্ট অফিস ভবনের এক কক্ষে রয়েছে প্রধান শিক্ষকের বসার স্থান, অন্য কক্ষে চলে পাঠদান। এই ভবনের ছাদ থেকেও পলেস্তারা খসে পড়ছে, আর বর্ষায় পানি তো পড়েই। এতে অনেক সময় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যায়।অষ্টম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার বলল, ‘বিদ্যালয়ে আসার পর যতক্ষণ শ্রেণীকক্ষে থাকি, ততক্ষণই ভয়ে থাকি, কখন ছাদ থেকে পলেস্তারা খসে মাথায় পড়ে।’শিক্ষক গৌরাঙ্গ মোহন বিশ্বাস জানান, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় ৫ এপ্রিল রিয়াজ নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে।পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান ও এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান সরদার জানান, বিদ্যালয়টির শিক্ষার মান ভালো। প্রতিবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াসহ ভালো ফল করে থাকে। বিদ্যালয়টির সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি।শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার দাস বলেন, ‘চেষ্টা করছি, যাতে উত্তর পোরগোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টিতে একটি নতুন ভবন নির্মাণ করা হয়।’ স্থানীয় সাংসদ এ কে এম এ আউয়াল বলেন, ‘গ্রামের মধ্যে বিদ্যালয়টি হলেও এর শিক্ষার মান ভালো। আমি গত বছর এ বিদ্যালয়টিতে নতুন ভবন নির্মাণ করার জন্য প্রধান প্রকৌশলীর বরাবরে একটি ডিও লেটার পাঠিয়েছিলাম। তা কী অবস্থায় আছে জানি না। আমি শিক্ষা প্রকৌশলীর অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে খোঁজ নেব।’ পিরোজপুর জেলা পরিষদের প্রকৌশলী আনছার উদ্দিন জানান, একটি ভবন নির্মাণের পরে তার কিউরিং খুবই জরুরি, তা না হলে ভবনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে।