পলেস্তারা খসে পড়ছে, রোগীরা আতঙ্কে, বারান্দায় স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডের কিছু অংশের পলেস্তারা গত সোমবার খসে পড়ে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে চারটি ওয়ার্ড থেকে বেশ কিছুসংখ্যক রোগীকে বারান্দায় স্থানান্তর করা হয়।
রোগী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে হাসপাতালের দ্বিতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের একটি অংশের পলেস্তারা হঠাৎ খসে পড়তে থাকে। এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর ওই রাতেই ১০ নম্বর ওয়ার্ড থেকে অন্তত ৪০ জন রোগীকে শয্যাসহ বারান্দায় স্থানান্তর করা হয়। পরদিন মঙ্গলবার সকালে ১, ১১ ও ২০ নম্বর ওয়ার্ড থেকেও বেশ কিছুসংখ্যক রোগীকে হাসপাতালের বারান্দায় সরিয়ে নেওয়া হয়।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বারান্দায় অন্তত ৪০ জন রোগীর শয্যা বিছানো। এ সময় কোনো চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। চিকিৎসকদের জন্য নির্ধারিত কক্ষটি তালাবদ্ধ ছিল।
১১ নম্বর ওয়ার্ডের রোগী রুলী বেগম জানান, মঙ্গলবার রাত থেকে তিনি বারান্দায় আছেন। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে তাঁর। চিকিৎসকদেরও দেখা নেই।
হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। তাঁদের কক্ষের নম্বরে ফোন করেও কাউকেই পাওয়া যায়নি। ওই সময়ের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মো. নসরত আলীও তাঁর কার্যালয়ে ছিলেন না।
মুঠোফোনে যোগাযোগ করা হলে নসরত আলী জানান, হাসপাতালের পরিচালকের সঙ্গে মুঠোফোনে তাঁর যোগাযোগ আছে। কোনো সমস্যা হলে হাসপাতালে আসেন তিনি।
পলেস্তারা খসে পড়ার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন কর্মকর্তা জানান, প্রায় ৩০ বছর ধরে হাসপাতালের ভবনের সংস্কার হয়নি। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।