ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাদ থেকে খসে পড়া পলেস্তারার আঘাতে এক ছাত্র আহত হয়েছেন।গত রোববার রাত আড়াইটায় হলের ৩০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এতে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র আরিফ হোসেন আহত হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আরিফের রুমমেট রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কম্পিউটারে কাজ করার সময় রাত আনুমানিক আড়াইটার দিকে আরিফের মাথায় ছাদের একটি অংশ খসে পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান এবং চোখের নিচের অংশ থেঁতলে যায়।এর আগে ওই দিন দিনের বেলায় ২১৪ নম্বর কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছিল বলে ছাত্ররা জানিয়েছেন।জহুরুল হলের আরেক শিক্ষার্থী শামসুল কবির বলেন, তাঁদের হলের যে অবস্থা, তাতে যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রোববার রাতের ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পর প্রধান প্রকৌশলী হল পরিদর্শন করেছেন।ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার ব্যাপারে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেকবার চিঠি দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেনি। এখন কর্তৃপক্ষ বলছে, তারা শিগগিরই মেরামতের কাজ শুরু করবে।