পলেস্তারা খসে ফাটল রোগীর মাথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে এক রোগী ও তাঁর মা আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার দো-সতিনা গ্রামের সাবিনা বেগম (৪২) ও তাঁর ছেলে সাব্বির হোসেন (১৮)।

সাবিনা ও সাব্বির বলেন, গ্রাম্য সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সাব্বির তিন দিন আগে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। ওয়ার্ডের ভেতরে আসন না থাকায় বারান্দায় থাকতেন তিনি। আজ সকাল নয়টার দিকে হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাঁদের গায়ে পড়ে। এ সময় সাব্বিরের মাথা ফেটে যায়। মা সাবিনা বেগমও আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের আবাসিক চিকিৎ​সা কর্মকর্তা (আরএমও) মুক্তাদির রহমান প্রথম আলোকে বলেন, হঠাৎ করে বারান্দায় ছাদের পলেস্তারা খসে পড়ে মা-ছেলে আহত হন। ছেলের মাথায় সেলাই দেওয়া হয়েছে। তবে মায়ের আঘাত সামান্য। দুজনই হাসপাতালে ভর্তি আছেন।