পলেস্তারা খসে মাথায় পড়ার ভয় তাড়া করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শ্রেণীকক্ষের ছাদ থেকে প্রায়ই পলেস্তারা খসে পড়ে। তখন খুব ভয় লাগে। কখন জানি পলেস্তারা মাথায় পড়ে—এই ভয়ে ছাদের দিকে তাকিয়ে থাকি।’ এভাবেই ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষের বর্ণনা দিচ্ছিল খুলনা মহানগরের এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মুশকান আরা। এ আতঙ্ক শুধু মুশকান আরার নয়, ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর।এপিসি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, ১৯৩২ সালে স্কুলভবন নির্মাণ করা হয়। এরপর আর ভালোভাবে সংস্কার করা হয়নি। জরুরিভাবে ভবনটি পুনর্নির্মাণ করা দরকার। তা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নগরের ডালমিল মোড়ে অবস্থিত ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ভবন ১৯৭২-৭৩ সালে নির্মাণ করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা আক্তার জানান, শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শতাধিক শিক্ষার্থী ছিল। পুরোনো ভবনে পাঠদানের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘কয়েক দিন আগের ঘটনা। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠ দিচ্ছি। হঠাৎ একদলা পলেস্তারা খসে আমার গায়ে পড়ল। ভয়ে পড়িমরি করে শিক্ষার্থীদের নিয়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসি।’ শাহানা আক্তার আরও জানান, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁদের বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয় থেকে প্রায় আধা কিলোমিটার দূরের অপর একটি বিদ্যালয়ের দুটি কক্ষে নানা প্রতিকূলতার মধ্যে এখন তাঁদের কার্যক্রম চলছে। নতুন স্থানটি দূরে হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। বিশেষ করে, শিশু শ্রেণীর শিক্ষার্থী উপস্থিতির হার কমে আসছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা জেলায় মোট ৬৭টি সরকারি প্রাথমিক ও রেজিস্টার্ড বিদ্যালয়কে অধিক জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরের দৌলতপুরের সত্যনারায়ণ সরকারি ও ফুলতলার বসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ঘূর্ণিঝড় আইলার আঘাতে কয়রা উপজেলায় দক্ষিণ মঠবাড়ি সরকারি, পূর্ব মঠবাড়ি রেজিস্টার্ড ও খাসিটানা উদয়ন কমিউনিটি স্কুলভবন বিধ্বস্ত হয়ে গেছে। উপকূলীয় বেড়িবাঁধের ওপর অস্থায়ীভাবে এসব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে। এ ছাড়া বটিয়াঘাটা উপজেলায় পশ্চিম হালিয়া সরকারি, খলশিবুনিয়া সরকারি ও হাটবাটি নোয়াপাকিয়া কমিউনিটি স্কুলের ছাদ, দেয়াল ও মেঝেতে বিপজ্জনক ফাটলের সৃষ্টি হয়েছে। দিঘলিয়া উপজেলার কামারগাতি পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় এর কয়েকটি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পাইকগাছা উপজেলার বিজিপি শামুকপোতা ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দেয়ালে ফাটল ধরেছে ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। দাকোপ উপজেলার ১১টি, রূপসার ছয়টি, তেরখাদার ২২টি, পাইকগাছার চারটি ও ডুমুরিয়া উপজেলার তিনটি সরকারি, রেজিস্টার্ড ও কমিউনিটি স্কুল জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাফায়াত আলম প্রথম আলোকে বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শন করে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করা হয়েছে। এগুলো সংস্কার ও পুনর্নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।