চট্টগ্রাম মহানগরে জনসভার জন্য পলোগ্রাউন্ড মাঠে ব্যবহারের অনুমতি চেয়ে বিএনপির আবেদনের ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাবে রোববার।চট্টগ্রাম অভিমুখে চারদলীয় জোটের রোডমার্চের দ্বিতীয় দিনে আগামী ৯ জানুয়ারি জনসভার জন্য ২০ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই জনসভায় ভাষণ দেবেন। কিন্তু গতকাল পর্যন্ত মাঠ ব্যবহারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। আগামী ৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুরু হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে সাক্ষাৎ করে মাঠ ব্যবহারের অনুমতি চায়। মন্ত্রী রেলের মহাপরিচালককে বিষয়টি অনুসন্ধান করে রোববারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার নির্দেশ দেন।জানতে চাইলে সাদেক হোসেন প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, রোববার মাঠ ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি পাব।’ তিনি বলেন, মন্ত্রীর মনোভাব ইতিবাচক মনে হয়েছে। তা ছাড়া অনুমতি না দেওয়ার কারণও নেই।প্রতিনিধিদলের সদস্য বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, গণতন্ত্রের পক্ষে সব সময় সোচ্চার থাকেন সুরঞ্জিত সেনগুপ্ত। বর্তমান সরকারও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখবে বলে বক্তৃতা-বিবৃতি দিয়ে আসছে। তাই বিএনপি আশাবাদী, আগামী রোববার অনুমতি দেওয়া হবে। রোডমার্চ আয়োজনে গঠিত কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সম্প্রতি বলেছেন, মাঠ ব্যবহারের অনুমিত পাওয়া না গেলে নগরজুড়ে খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হবে।