পলোতে টপাটপ পড়ছে মাছ

এখন শুকনো মৌসুম। হাওরে পানি কিছুটা কম। পলো দিয়ে মাছ ধরার এই তো সুযোগ। প্রতি বুধ আর শনিবার কিশোরগঞ্জের হাওর অঞ্চলের লোকেরা পলো নিয়ে বেরিয়ে পড়ে মাছ শিকারে। বড় আইড়, বোয়াল, গজার, রুই, কাতলা, মৃগেলসহ নানা জাতের মাছ টপাটপ পলোতে ধরা পড়ছে। তখন আনন্দ আর দেখে কে!
গতকাল বুধবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওর এলাকায় মাছ শিকারে এসেছিল ১৩ বছরের জনি। ছোটবেলা থেকে সে বাবা বুলু মিয়া ও ভাই রনিকে দেখেছে এ সময় পলো দিয়ে মাছ ধরতে। তিন বছর ধরে সেও পলো নিয়ে বাবা-ভাইয়ের সঙ্গে হাওরে মাছ শিকারে আসে। গত শনিবার জনির পলোতে উঠেছে বড় একটি আইড় মাছ, দুটি বোয়াল ও একটি গজার মাছ।
জনির মতো আরও অনেকে শখের বশে হাওরে মাছ ধরতে আসে। বাপ-দাদার ঐতিহ্যও মিশে রয়েছে এই মাছ শিকারে।
কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় মাছ বেশি পাওয়া যায়। এসব অঞ্চলের হাওর নানা প্রজাতির দেশীয় মাছে ভরপুর। শুকনো মৌসুমে কার্তিক মাসের শুরু থেকে চৈত্র মাস পর্যন্ত গ্রামের মানুষ দল বেঁধে পলো নিয়ে মাছ শিকারের উৎসবে নেমে পড়ে। এটা হাওরের চিরায়ত রূপ।
সপ্তাহের প্রতি শনি ও বুধবার কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মানুষ পলো নিয়ে ইটনা উপজেলার আগলপাড়, পুন্নে, বাহুল্লে, বলধা, ছিপধরি, চানহে আঙান, মিরহা ও সাহেবের গাংয়ে মাছ শিকারে নামে।
কয়েকজন পলো-মাছ-শিকারি বলেন, মাছ ব্যবসায়ীরা জলাশয়ের অনেক জায়গা ইজারা নেন। এতে আগের মতো আর মাছ ধরা যায় না।
গতকাল ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, শতাধিক মানুষ করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় পলো নিয়ে এসেছে। সেখান থেকে ইঞ্জিনচালিত দুই নৌকায় করে তারা মিঠামইন উপজেলার হাওর এলাকায় যায়। পথে নৌকার ওপরেই সকালের নাশতা খাওয়া হয়। সারা দিন ধরে চলে মাছ শিকার। বিভিন্ন জায়গায় মাছ শিকার করে কেউ গজার, শোল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, বাইন, চিতল, আইড়সহ নানা জাতের মাছ নিয়ে বাড়ি ফেরে। সবাই একসঙ্গে লাইন ধরে টপাটপ শব্দে পলোর ঝাঁপ দিয়ে মাছ ধরা শুরু করে। হইচই করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
হাওরে নামতেই সুজন মিয়ার পলোতে ধরা পড়ে বড় বোয়াল মাছ। জামাল মিয়ার পলোতে প্রায় চার কেজি ওজনের একটি গজার মাছ। মাছ পেয়ে তারা খুবই খুশি।
কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘পলো দিয়ে মাছ শিকার গ্রাম-বাংলার ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক। এই ঐতিহ্য আমাদের ধরে রাখা উচিত। মাছের অভয়াশ্রম হিসেবে কিছু জলাশয়কে উন্মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ ব্যাপারে একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে।’