পল্টন ও কাঁটাবনে সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে রাজধানীর পল্টন ও কাঁটাবনে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ৪২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিদের অধিকাংশই ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছিল।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, গতকাল ভোর চারটার দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাস সদরঘাট থেকে যাত্রী নিয়ে গাজীপুরের উদ্দেশে যাচ্ছিল। পল্টন মোড়ে এলে যাত্রাবাড়ীগামী একটি দ্রুতগতির ট্রাক বাসটির মাঝামাঝি ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ছিটকে পড়ে সড়কের পাশে। আহত হয় ৩০ জনেরও বেশি যাত্রী।পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভর্তি করা হয় ২৬ জনকে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর ট্রাকসহ চালক মো. সেলিম হোসেনকে (৩৫) আটক করা হয়েছে বলে এসআই ওবায়দুল জানান।হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অধিকাংশই ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছিল। আহত আবদুল বশির সাংবাদিকদের বলেন, ভোলায় গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে তিনি স্ত্রী ও সাত বছরের শিশুকে নিয়ে ওই বাসে করে টঙ্গীর বাসায় ফিরছিলেন। এ ঘটনায় তাঁরা তিনজনই আহত হয়েছেন।এদিকে দুর্ঘটনার দুই ঘণ্টা পর সকাল ছয়টার দিকে কাঁটাবন মোড়ে পলাশীগামী একটি বাসের সঙ্গে গাবতলীগামী ৭ নম্বর বাসের পাশাপাশি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাবতলীগামী বাসটি সড়কদ্বীপে উঠে গেলে ২০ জনের বেশি যাত্রী আহত হয়। তাদের মধ্যে ১৬ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।