পল্টন হত্যাকাণ্ড:s কোরআনের শাসন কায়েম করে প্রতিশোধ নেবে জামায়াত
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে ১৪ দলের নেতা-কর্মীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের ছয় কর্মী-সমর্থক নিহতের বিচার করবে জামায়াত। তবে হত্যার বদলে হত্যা না করে তারা দেশে কোরআনের শাসন কায়েম করে বদলা নেবে। নিহত কর্মী-সমর্থকদের স্বজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতের নেতা ও নিহতদের স্বজনেরাও বলেন, কর্মী-সমর্থকদের নিহত হওয়ার ঘটনায় তাঁরা কষ্ট পেয়েছেন। কিন্তু মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের নেতাদের গ্রেপ্তারের ঘটনায় অনেক বেশি কষ্ট পেয়েছেন। জামায়াত নেতাদের মুক্তি দাবি করেন তাঁরা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেন, ‘২৮ অক্টোবরের ঘটনার বিচার আমরা একদিন করবই। তবে আমরা রক্তের বদলে রক্ত নেব না। এখানে যদি ইসলামি আইন বাস্তবায়িত হয়, তাহলে মানুষ তার অধিকার পাবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের মন্ত্রী-সাংসদদের কোনো দুর্নীতির প্রমাণ না পেয়ে এখন ৪০ বছর আগের যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে এসেছে। ২৮ অক্টোবর কারা হত্যা করেছিল, তার ছবি আছে। এদের বিচার না করে ৪০ বছর আগের হাড্ডি তালাশ করে বিচার করতে পারবে?’জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহান বলেন, ‘আওয়ামী লীগের জন্মই হয়েছিল এ দেশে হত্যার রাজনীতি শুরু করার জন্য। তারা পাকিস্তান আমলে মানুষকে হত্যা করে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল।...এখনো হত্যা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে।’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আপনিই ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে সমাবেশের ডাক দিয়েছিলেন। সেই হিসেবে আপনিই ওই ঘটনার মূল আসামি। আপনি এখন প্রধানমন্ত্রী। বিচার না করলে আপনাকে মানুষ ওই হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে বিবেচনা করবে।’