পল্টনে অবরোধের চেষ্টা, মোটরসাইকেলে আগুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টন এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে হরতালের সমর্থকেরা। সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরানা পল্টনের হাউস বিল্ডিং করপোরেশন কার্যালয়ের পাশের গলি থেকে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা সড়কে ব্যানার ও খড়কুটায় আগুন দিয়ে অবরোধের চেষ্টা করেন। পরে তাঁরা দৈনিক বাংলা মোড়ের দিকে যান। এ সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের বিপরীত পাশে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসের সামনের সড়কে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা সটকে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
তবে পল্টন মডেল থানায় যোগাযোগ করা হলে ‘এখন পর্যন্ত থানায় এ ধরনের কোনো খবর আসেনি’ বলে কর্তব্যরত কর্মকর্তা জানান।