পল্টনে খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে ম্যানহোলের প্রায় ৪০ বর্গফুট আয়তনের একটি ঢাকনা খোলা ছিল। কিন্তু এখানে কোনো সতর্কবার্তা বা চারপাশে সংকেত ছিল না। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই ব্যক্তি এই সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় খোলা ম্যানহোলে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। রাত ৭টা ২০ মিনিটে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কর্মীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা ওয়াসার পরিচালক হাসিবুর রহমান।