পল্টনে চারটি বাস ভাঙচুর, শাহবাগে একটিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনে চারটি বাস ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। অন্যদিকে শাহবাগে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে তাঁরা। ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে আজ সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শাহবাগে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী তিন নম্বর যাত্রাপথের ওই বাসটি বারডেম হাসপাতালের সামনে যাত্রী নামাচ্ছিল। এ সময় হরতাল-সমর্থকেরা বাসটিতে আগুন লাগিয়ে দেন।
অন্যদিকে পুরানা পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে চারটি বাস ভাঙচুর করে হরতাল সমর্থকেরা।
যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা মিরপুরগামী সিল্ক সিটি পরিবহনের চালক রাসেল জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে বায়তুল মোকাররমের উত্তর ফটকের পাশ থেকে ১০-১৫ জন লোক এসে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় তিনি ও তাঁর সহকারী খায়রুল হোসেন সামান্য আহত হন বলে জানান রাসেল।