পল্টনে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে পথচারী নিহত
রাজধানীর পল্টনে গত সোমবার গভীর রাতে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৫) নামের এক পথচারী মারা গেছেন।
পল্টন থানার পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পল্টন মোড়ে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তা পার হতে থাকা এনামুল বাস ও ট্রাকের মাঝে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। সংঘর্ষে বাস ও ট্রাকের তিন যাত্রী এবং শ্রমিক আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ছয় পুলিশ-আনসার আহত: পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোররাত চারটার দিকে রামপুরা সেতুতে বেপরোয়া গতির একটি বাস পুলিশের টহল পিকআপকে ধাক্কা দেয়।
বাসটির ধাক্কায় বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অসীম কুমার বিশ্বাস, কনস্টেবল শাহ আলম, মোমিন, মোবারক, আল-আমিন ও আনসার সদস্য রফিকুল ইসলাম আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে শাহ আলম ও মোমিনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।