পল্টনে যায়নি জামায়াত, পুলিশকে দোষারোপ
পল্টন মোড়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েও কর্মসূচি পালন করেনি জামায়াতে ইসলামী। পরে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সরকারের বিরুদ্ধে তাদের বিক্ষোভ করতে না দেওয়ার অভিযোগ আনেন। গত রোববারের হরতালে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর র্যাব-পুলিশ নির্যাতন করেছে—অভিযোগ তুলে গতকাল সোমবার বিকেল চারটায় পল্টন মোড়ে সমাবেশ করার ঘোষণা দেয় জামায়াত। আগের দিন সংবাদকর্মীদের ফোন করে কর্মসূচিতে যাওয়ার আমন্ত্রণও জানায় তারা। তবে গতকাল বিকেল চারটার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, জামায়াতের কয়েকজন কর্মী এখানে-ওখানে দাঁড়িয়ে গল্প করছেন। নেতারা কেউ নেই। মিছিল, সমাবেশের কোনো উদ্যোগও নেই।কর্মসূচি কখন শুরু হবে—জামায়াতের কর্মীদের একে অন্যকে এমন প্রশ্ন করতে দেখা যায়। কর্মসূচি কখন শুরু হবে—টেলিফোনে ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হালিমের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘থাকেন, আমরা আসছি।’ কিন্তু দীর্ঘক্ষণেও জামায়াতের মিছিল আসেনি।