পল্লব ও লাবণ্যের জমকালো বিয়ে!

সার্থক কণ্ডু পোদ্দার ওরফে পল্লব ও লাবণ্য পোদ্দারের বিয়ে। তাই উৎসব চলছে বগুড়া শহরের কাটনারপাড়া বেণীকুণ্ড লেনের একটি পাঁচতলা বাড়িতে।
‘স্বপ্নের নীড়’ নামের বাড়িটি রঙিন বাতিতে সেজেছে। ঢাক-ঢোল আর সানাই বাজছে সমানতালে। বাসার সিঁড়ি ও ভেতরে আঁকা হয়েছে আলপনা। বাসার ছাদের পারিবারিক মন্দিরে চলছে বিয়ের আয়োজন। নিমন্ত্রণপত্র ছাপিয়ে বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে ৪০০ অতিথিকে। আত্মীয়স্বজন আর এসব অতিথিদের সরগরমে পুরো বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমন্ত্রিতদের প্রীতিভোজের জন্য চলছে রান্নাবান্না। চলছে হিন্দু শাস্ত্রমতে বিয়ের সব আয়োজন।

বর্ণনা শুনে মনে হচ্ছে একটি সাধারণ হিন্দু পরিবারের বিয়ের খবর! তাহলে এত ঘটা করে বলার কী আছে? ঘটা করে বলার কারণটা হলো একটি পাকুর (পল্লব) ও একটি বটগাছকে (লাবণ্য) মানুষের নাম দিয়ে, মানুষের বিয়ের নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে এই বিয়ে। বগুড়া শহরের কাটনারপাড়ার ওই বাসার ছাদে একসঙ্গে বেড়ে ওঠা এই গাছ দুটির বিয়ে দিতে গিয়েই এত আয়োজন।
সেজেছে কনে। কন্যা সম্প্রদানের জন্য প্রস্তুত পরিবারের লোকজন। বিয়ে সম্পন্ন করতে এসেছেন ঠাকুরও। বরযাত্রীরাও চলে এসেছে সময়মতো। অপেক্ষা শুধু শুভলগ্নের। লগ্ন শনিবার সন্ধ্যা সাতটায়। শুভলগ্ন আসতেই হিন্দু শাস্ত্রমতে সম্পন্ন হলো পল্লব ও লাবণ্যের বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা। বাবা লিটন পোদ্দার ‘কন্যা’ সম্প্রদান করলেন। আর ‘আদরের কন্যাকে’ বিদায় দিতে গিয়ে ‘কান্নায় ভেঙে পড়েন’ দিদিমা সবিতা পোদ্দার।
বাসার গৃহকর্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সবিতা পোদ্দার বলেন, ১৪ বছর ধরে বাসার ছাদের বাগানে পাকুর গাছের সঙ্গে অঙ্গ জড়িয়ে বট গাছটি বেড়ে উঠেছে। দুটোই ধর্ম বৃক্ষ। মন্দিরের ঠাকুরের পরামর্শে ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হচ্ছে। রোববার বর-কনেকে নিয়ে যাওয়া হবে করতোয়া নদীর তীরে কদমতলী মন্দিরে। সেখানেই গাছ দুটিকে প্রতিস্থাপন করা হবে।

সবিতা পোদ্দার বলেন, বটবৃক্ষের নাম রাখা হয় লাবণ্য পোদ্দার এবং পাকুরের নাম রাখা হয় সার্থক কণ্ডু পোদ্দার ওরফে পল্লব। লাবণ্য বড় হতে থাকে আমার মেয়ে এবং পোদ্দারবাড়ির ছোট কন্যা হিসেবে। ১৬ বছর আগে বড় মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে ধুমধাম পড়ে গিয়েছিল। আজ বাড়ির ছোট মেয়ের বিয়ে উপলক্ষে একই উৎসব আমেজ বিরাজ করছে।
বাড়ির ছোট ছেলে ও ব্যবসায়ী লিটন পোদ্দার বলেন, পাঁচতলা বাসার ছাদের একপাশে পারিবারিক রাধাগোবিন্দ মন্দির। অন্যপাশে ফুল ও ফল বাগান। বাগানটা দেখভাল করেন মা সবিতা পোদ্দার। দেড় বছর আগে পাকুরগাছের সঙ্গে জড়ানো বটগাছটি মায়ের নজরে আসে। দুটোই দেবতা বৃক্ষ হওয়ায় বিষয়টি জানানো হয় ঠাকুর শিবপ্রসাদ চক্রবর্তী ও দেব ভট্টাচার্যকে। তাঁরা দুজনই বট-পাকুরের বিয়ে দেওয়ার কথা বলেন। পুণ্যের আশায় এই বিয়ে দেওয়া হচ্ছে।
লিটন বলেন, শাস্ত্র মোতাবেক দিনক্ষণ দেখে বিয়ের দিন ধার্য করা হয়। বিয়ের কার্ড ছাপিয়ে নিমন্ত্রণ জানানো হয় ৪০০ অতিথিকে। ১৫ দিন ধরে চলছে বিয়ের আয়োজন। বাড়িজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আলোকসজ্জা, ব্যান্ড পার্টি, সানাই-ঢোল সবকিছুরই আয়োজন ছিল। বিয়ে অনুষ্ঠান ধারণ করার জন্য ভাড়া করা হয় ভিডিও ক্যামেরা। আত্মীয়সহ নিমন্ত্রিত ৪০০ অতিথি এসেছেন বিয়ে বাড়িতে। শহরের হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট সব লোক উপস্থিত। সন্ধ্যা সাতটায় ছিল বিয়ের লগ্ন। এরপর হবে বিবাহ বাসর।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ঠাকুর শিবপ্রাসাদ চক্রবর্তী। তিনি বলেন, বরের বয়স ১৪। কনের ১২। তারা এক সঙ্গে বড় হয়েছে। বট ও পাকুর বৃক্ষ হিন্দু শাস্ত্রে দেবতা বৃক্ষ। পূজাতেও এই দুটি গাছ লাগে। এ কারণে বট-পাকুরের বিয়ে দেওয়া হচ্ছে।
আলোচিত এই বিয়ের অনুষ্ঠান দেখতে গাইবান্ধার সাঘাটা উপজেলার ধারাবর্ষা গ্রাম থেকে এসেছেন মাছ ব্যবসায়ী বিষ্ণুপদ দাস। তিনি বলেন, বট-পাকুরের বিয়ের কথা এত দিন শুনেছি। পরিচিত একজনের কাছে বিয়ের নিমন্ত্রণের কার্ড দেখে কৌতূহলী হয়েই বিয়েবাড়িতে আসা। এত সব আয়োজন দেখে হতবাক!
বগুড়া শহরের বাদুড়তলা থেকে আসা সুলতি বড়াল (৬৫) বলেন, ‘পোদ্দার বাড়ির কন্যা আমি। এ বাড়িতে ১৬ বছর আগে কণিকা পোদ্দারের বিয়েতে এসে যে উৎসবমুখর পরিবেশ দেখেছিলাম, আজ বাড়ির ছোট মেয়ে (বটগাছ) লাবণ্য পোদ্দারের বিয়েতেও একই দৃশ্য দেখেছি।’