পল্লবকে হত্যা করেছে আক্তার গুন্ডা ও বিহারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন আসামিপক্ষের চতুর্থ সাক্ষী মোছাম্মৎ সাহেরা। তিনি এই মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সাক্ষীর তালিকায় ছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাহেরার জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবাহান তরফদার। আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে জবানবন্দিতে সাহেরা বলেন, পল্লবকে হত্যা করেছে আক্তার গুন্ডা ও বিহারিরা।গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে সাহেরাকে আসামিপক্ষে সাক্ষ্য দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ ও কৌঁসুলি মোহাম্মদ আলী। শুনানি শেষে ট্রাইব্যুনাল সাহেরাকে আসামিপক্ষে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন। আদেশে বলা হয়, আসামিপক্ষকে যে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, এই সাক্ষী তাঁদের অন্তর্ভুক্ত হবেন।এরপর জবানবন্দিতে সাহেরা বলেন, তাঁর স্বামীর নাম ফজর আলী। একাত্তরে তিনি পরিবারের সঙ্গে মিরপুরের পল্লবীতে থাকতেন। তাঁর দেবরের নাম ছিল টুনটুনি; তিনি পল্লব নামেও পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধকালে তাঁরা মিরপুর থেকে সাভারে চলে যান। পল্লব মিরপুর বাঙলা কলেজে পড়তেন এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। মুক্তিযুদ্ধকালে আক্তার গুন্ডা ও বিহারিরা পল্লবকে নবাবপুর থেকে ধরে এনে মিরপুরের ঈদগাহ মাঠে হত্যা করে। মুক্তিযুদ্ধ শেষে তিনি সাভার থেকে মিরপুরে ফিরে এলে বিভিন্নজনের কাছে এ কথা শোনেন।জবানবন্দি শেষে সাহেরাকে জেরা করেন মোহাম্মদ আলী। তিনি প্রশ্ন করেন, আপনি এ মামলার সাক্ষী, এটা প্রথম কে আপনাকে বলেছে এবং কত দিন আগে শুনেছেন? জবাবে সাহেরা বলেন, কাদের মোল্লার ছেলে তিন-চার দিন আগে তাঁকে এ বিষয়ে বলেছেন। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে কে নিয়ে এসেছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কাদের মোল্লার ছেলে। আক্তার গুন্ডার নাম প্রথম কার কাছে শুনেছেন, এ প্রশ্নে তিনি বলেন, শাশুড়ির কাছে।মোহাম্মদ আলী জানতে চান, কাদের মোল্লার প্রধান সহচর ছিলেন আক্তার গুন্ডা, এ কথা কি শুনেছেন? জবাবে সাহেরা বলেন, কাদের মোল্লার নাম তিনি এ পর্যন্ত শোনেননি। প্রায় এক বছর আগে জল্লাদখানায় এই মামলার দুই তদন্ত কর্মকর্তার কাছে আপনি কি জবানবন্দি দিয়েছেন, জবাবে সাক্ষী বলেন, না।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মত (সাজেশন) দেন, প্রাণের ভয়ে ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই সাক্ষী সত্য ঘটনা গোপন করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী বলেন, এটা সত্য নয়।আজ সোমবার এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।