থানায় নির্যাতনে হত্যার মামলা
পল্লবী থানার ওসিসহ পাঁচজনকে অব্যাহতি, চারজনের বিরুদ্ধে পরোয়ানা
থানায় নিয়ে নির্যাতন করে জনি নামের এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানসহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ মামলার আসামি দুই পুলিশ কর্মকর্তা ও পুলিশের দুই তথ্যদাতার (সোর্স) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
অব্যাহতি পাওয়া অন্য চারজন হলেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন, এসআই রাশেদ, এসআই শোভন কুমার সাহা ও কনস্টেবল নজরুল। যে চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে তাঁরা হলেন পল্লবী থানার এএসআই রাশেদুল, কামরুজ্জামান মিন্টু, পুলিশের সোর্স সুমন ও রাশেদ। আসামিদের গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১৩ আগস্ট।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা সাদেক হোসেনের ছেলের গায়েহলুদের অনুষ্ঠানে মেয়েদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন পুলিশের সোর্স সুমন। জনি ও তাঁর ভাই সুমনকে চলে যেতে বলেন। সুমন চলে গেলেও পরের দিন এসে আবার আগের মতো আচরণ করেন। তখন জনি ও তাঁর ভাই ইমতিয়াজ বাধা দিলে সুমন পু্লিশকে ডেকে আনেন। পুলিশ দুই ভাইকে থানায় নিয়ে যায় এবং তাঁদের নির্যাতন করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান।
এ ঘটনায় ৭ আগস্ট মহানগর দায়রা জজ আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে নিহত জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন পল্লবী থানার ওসি জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওসি জিয়াউরসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে তাঁদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।