পল্লবী থানার তিন পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনে জনি নামের এক যুবককে ধরে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগে পল্লবী থানার তিন পুলিশ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিহত জনির মা খুরশিদা বেগম নালিশি এই মামলা করেন।
মহানগর হাকিম আনোয়ার সাদাত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং একই থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। আসামিরা হলেন পল্লবী থানার উপপরিদর্শক আবদুল বাতেন, সুব্রত কুমার সাহা, জাহিদ রহমান খান ও পুলিশের সোর্স সুমন। এর আগে একই ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয়। আদালত দুটি মামলা একত্রে তদন্তের নির্দেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি মিরপুর ১১ নম্বর সেকশনে এক বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে পুলিশের সোর্স হিসেবে পরিচিত সুমন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেন। জনি ও তাঁর ভাই রনি তাতে বাধা দেন। পরদিন ওই বাড়ি থেকে সুমন পুলিশ দিয়ে জনি ও রনিকে ধরে নিয়ে যান এবং নির্যাতন করেন। ঢাকা মেডিকেল নেওয়ার পর চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।