পল্লবীতে আগুনে দগ্ধ এক নিরাপত্তা কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে একটি বাড়িতে আগুন লেগে এক নিরাপত্তা কর্মী দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তির নাম তনয় দত্ত (২২)। তাঁর বাবার নাম গোপাল দত্ত। ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপটন গ্রামে তাঁর বাড়ি।

প্রতিবেশীদের ভাষ্য, সকালে ওই ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে দরজা ভেঙে তনয়কে উদ্ধার করা হয়।

মিরপুর ১১ নম্বরের এই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আশরাফ উদ্দীন আহমেদ। তিনি বলেন, মনে হয় চুলা জ্বালানো ছিল। সেখান থেকে আগুন লাগতে পারে। তনয় ছাড়া কক্ষে আর কেউ ছিল না। দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, তনয়ের শরীরের শ্বাসনালিসহ ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।