পল্লবীতে আড়াই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর পল্লবীতে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে দুই হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মিরপুর ১১ নম্বর সেকশনের সাংবাদিক আবাসিক এলাকাসংলগ্ন পরিত্যক্ত ওয়াপদা ভবনের (লাল বিল্ডিং) চারতলায় অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে দুই হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ মোক্তার হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে আরও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরিত্যক্ত ওয়াপদা ভবনে আটকেপড়া পাকিস্তানিরা থাকেন বলে জানা গেছে।পরে পুলিশ ওই এলাকার রহমত ক্যাম্পে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ আরও একজনকে গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে।