পল্লবীতে ওয়াসার পাম্পে বিক্ষোভ
পানির সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে পল্লবীতে ঢাকা ওয়াসার পানির পাম্পে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পের (বিহারি ক্যাম্প নামে পরিচিত) বাসিন্দারা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান নেন। তবে ওয়াসা বলেছে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জের ধরে এই বিক্ষোভ হয়।
গতকাল সকালে পল্লবী অ্যাভিনিউ ৫-এ অবস্থিত ওয়াসার পাম্পের সামনে অবস্থান নেন ক্যাম্পের বাসিন্দারা। তাঁরা জানান, পাঁচ দিন আগে ক্যাম্পের পানির সংযোগ বিচ্ছিন্ন করায় পানির অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন এখানকার বাসিন্দারা। পরে ওয়াসার আঞ্চলিক কর্মকর্তারা শিগগিরই পানির ব্যবস্থা করার আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে অবস্থান থেকে সরে যান ক্যাম্পের বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে ক্যাম্পে বিনা মূল্যে পাঁচ গাড়ি পানি দেওয়া হয়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিহারি ক্যাম্পের পানির সংযোগ সম্পূর্ণ অবৈধ। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছিল। এ বিষয়ে বাসিন্দাদের সতর্কও করে দেওয়া হয়েছিল।
উপব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ওয়াসার কর্মকর্তারা আজ (রোববার) এলাকাবাসীর সঙ্গে আলোচনা করবেন। এখানকার পানির সংযোগ বৈধ করা যায় কি না তা খতিয়ে দেখা হবে।