পল্লবীতে গুদামে আগুন, একজন নিহত, দগ্ধ ২
রাজধানীর পল্লবী থানার কালসি রোডে একটি তৈরি পেটিকোট ও ব্লাউজের গুদামে গতকাল মঙ্গলবার আগুন লেগে একজন নিহত ও দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। নিহত মো. আরেফিন (২৭) ওই গুদামমালিকের ভাতিজা৷ এই অগ্নিকাণ্ডে গুরুতর
দগ্ধ গুদামমালিক মনোয়ার হোসেন (৪০) ও ক্ষুদ্র ব্যবসায়ী মিনারা বেগম (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন৷
মনোয়ার হোসেন বলেন, জ্বলন্ত সিগারেট থেকে কাপড়ে আগুন লেগে ছড়িয়ে পড়ে৷ তবে পল্লবী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘরে থাকা টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়৷
মনোয়ার হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি কালসি ২ নম্বর সড়কের (সাংবাদিক কলোনিসংলগ্ন) ৫৩ নম্বর বাড়ির নিচতলায় দুটি ঘর ভাড়া নিয়ে পেটিকোট ও ব্লাউজের গুদাম করেছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা এখান থেকে পেটিকোট ও ব্লাউজ কিনে নিয়ে বাইরে বিক্রি করেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মিনারা বেগম পেটিকোট ও ব্লাউজ বিক্রির জন্য কিনে নিতে গুদামে আসেন৷ তিনি ও তাঁর ভাতিজা আরেফিন পেটিকোট ও ব্লাউজ মিনারার কাছে বিক্রির জন্য গুনছিলেন। এ সময় তিনি সিগারেট ধরালে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দুটি ঘরেই ছড়িয়ে পড়ে এবং তাঁরা দগ্ধ হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনি জানান, দুই ঘরের দরজা-জানালা বন্ধ ছিল।
বার্ন ইউনিট সূত্র জানায়, আগুনে আরেফিনের শরীরের ৯৫ শতাংশ, ব্যবসায়ী মনোয়ারের ৪০ শতাংশ ও মিনারার ২৫ শতাংশ পুড়ে গেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে আরেফিন মারা যান৷ তাঁর গ্রামের বাড়ি মেহেরপুরের মুজিবনগর এলাকার আনন্দবাগে৷
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পুরোনো টেলিভিশনে আগুন ধরে গেছে। টেলিভিশনের পেছনে আগুন ধরে যাওয়ার আলামতও পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, টেলিভিশন বিস্ফোরণে আগুন েলগেছে। আগুনে দুটি ঘরে থাকা পেটিকোট ও ব্লাউজ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।