পল্লবীতে গুলিতে আহত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর সিরামিকস রোডে পুলিশের গুলিতে আহত মোহাম্মদ জাভেদ হোসেন (২৬) চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) তাঁর মৃত্যু হয়।
গত ২৪ জানুয়ারি জাভেদ আহত হয়েছিলেন। নিহত জাভেদ মিরপুর বিহারি ক্যাম্পে থাকতেন।
পুলিশের দাবি, জাভেদ ডাকাত ছিলেন। ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বাধা পেয়ে তাঁর দলের সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করেন। এ সময় পুলিশ গুলি ছুড়লে জাভেদ আহত হন।
ঘটনার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, ২৪ জানুয়ারি রাতে একদল ডাকাত পল্লবীর সিরামিকস রোডে ডাকাতির জন্য জড়ো হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের ওপর বোমা ছুড়ে মারে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে জাভেদ আহত হন। তাঁকে গ্রেপ্তারের পর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জিল্লুর রহমানের দাবি, জাভেদের কাছ থেকে রাম দা, চাপাতি ও তাজা ককটেল উদ্ধার করা হয়। এ সময় তাঁর এক সহযোগীকে অক্ষত অবস্থায় আটক করা হয়। তাঁর ওই সহযোগী বর্তমানে কারাগারে আছেন। এ ব্যাপারে পল্লবী থানায় মামলা হয়েছে।