পল্লবীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
পল্লবীতে ছুরিকাঘাতে আহত যুবক নিজাম মিয়া (২৭) গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পূর্বশত্রুতার জের ধরে নিজামের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিজামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে। তিনি মিরপুর সাড়ে ১১তে মোগল হোটেলের কারিগর হিসেবে কাজ করতেন। এ ঘটনায় নিজামের ভাই লাভলু মিয়া পল্লবী থানায় একটি মামলা করেছেন।
লাভলু মিয়া প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে নিজাম ও তাঁর স্ত্রী লাকি একসঙ্গে হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় মিরপুর সাড়ে ১১তে পোস্ট অফিসের পাশে কৃষি বিপণন অধিদপ্তরের সামনে তৌহিদুল নিজামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে।