পল্লবীতে ছুরিকাঘাতে যুবক খুন, রামপুরায় কলেজছাত্র গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে আবদুর রহিম (২৫) নামের লেদ কারখানার এক শ্রমিক সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রামপুরায় রেজাউল করিম (২২) নামের তিতুমীর কলেজের এক ছাত্রকে গুলি করে তাঁর মুঠোফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহত রহিমের পরিবার জানায়, তিনি পরিবারের সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের ডি-ব্লকের কালাপানি স্কুল ক্যাম্পের পাশে থাকতেন। গত সোমবার রাত নয়টার দিকে তিন-চারজন সন্ত্রাসী পল্লবী থানার সিরামিকস রোডে টেকেরবাড়ি এলাকায় তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে তিনি মারা যান। তাঁর বাবার নাম ইসরাইল মুন্সী। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিকবার রহিমকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকার ভাগবাটোয়ারা নিয়ে সহযোগীদের হাতে তিনি খুন হন। এদিকে গুলিবিদ্ধ রেজাউল করিমের পরিবার জানায়, গতকাল দুপুরে রামপুরা এলাকায় তিন-চারজন ছিনতাইকারী গুলি করে রেজাউলের কাছ থেকে একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। তাঁর শরীরে তিনটি গুলি লাগে।