পল্লবীতে জবাই, ধানমন্ডিতে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে মমতাজ বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। কী কারণে কারা তাঁকে হত্যা করেছে, এ ব্যাপারে নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ কিছু বলতে পারেনি।হাসপাতাল সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে পল্লবীর ১০১/এ বারনটেকের বাসায় ঢুকে দুর্বৃত্তরা বৃদ্ধা মমতাজ বেগমকে জবাই করে। গোঙানি শুনে বৃদ্ধার পরিবারের সদস্যরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার ভোরে বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় মামলা হয়েছে।ধানমন্ডিতে গুলি করে হত্যা২৮ নম্বর সড়কে গতকাল সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হন পথচারী এনায়েত। পৃথক ঘটনায় সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সামনে সন্ত্রাসীদের গুলিতে মামুন মণ্ডল নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি ধানমন্ডি ২৮ নম্বর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। জুনিয়র ল্যাবরেটরি স্কুলের সামনে পৌঁছালে পেছন থেকে অনুসরণ করা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। সন্ত্রাসীদের অপর একটি গুলি পথচারী এনায়েতের পায়ে বিদ্ধ হয়। গুলির শব্দে পাশের বাড়ির নৈশপ্রহরীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অন্য পথচারীদের সহযোগিতায় ওই ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কিশোরীর লাশ উদ্ধার: গতকাল ভোরে দক্ষিণ মুগদার ৫৪/এ/২ নম্বর বাসার ভেতর থেকে রূপা (১৩) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রূপার ভাই বশির আহম্মদ জানান, দীর্ঘদিন ধরে রূপা মানসিক রোগে ভুগছিল।