পল্লবীতে দগ্ধ শিশুটি মারাই গেল

হাসপাতালে কাতরাতে কাতরাতে বাবার কোলে যাওয়ার আকুতি জানিয়েছিল তিন বছরের রুহী। বারবার বাসায় যেতে চাইছিল। তবে আর কোনো দিনই বাসায় ফেরা হবে না ওর। ওঠাও হবে না আর বাবার কোলে। চিরঘুম তাকে নিয়ে গেছে অনেক দূরে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। একই দিন পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি বাড়িতে পানির ট্যাংক বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয় রুহী। তার শ্বাসনালিসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুহীর বাবা রেজাউল করিম স্টুডিওর দোকানি। দুই বোনের মধ্যে রুহী ছোট। তাঁদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদরে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়ির নিচতলায় থাকা পানির ট্যাংকে পানি আছে কি না, দেখার জন্য দেশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে রুহীসহ পাঁচজন দগ্ধ হন। অন্যরা হলেন বাড়িওয়ালা ইয়াকুব আলী (৭০), তাঁর স্ত্রী হাসিন আরা খানম (৬০), রুহীর মা ইয়াসমিন (২৭) ও শ্রমিক হাসান (৩২)। ইয়াকুব আলী ও হাসিন আরা খানম সরকারি চাকরি করতেন, এখন অবসরে আছেন।
গতকাল পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ভূগর্ভস্থ পানির ট্যাংকটি অনেক দিন পরিষ্কার করা হয়নি। দেশলাইয়ের আগুনের সঙ্গে ট্যাংকে জমে থাকা গ্যাসের সংস্পর্শে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, দগ্ধ ব্যক্তিদের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, ইয়াকুবের শরীরের ২৫ শতাংশ, হাসিনের ৯৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ ও হাসানের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।