পল্লবীতে দম্পতি দগ্ধ, পারিবারিক কলহ বলছে পুলিশ
রাজধানীর পল্লবীতে আজ শুক্রবার বিকেলে স্বামী মো. রনি (৩৫) ও স্ত্রী মোছাম্মৎ শাহানা (২৫) দগ্ধ হয়েছেন। শাহানাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রনির দাবি, গ্যাস সিলিন্ডারের আগুনে তাঁর স্ত্রী শাহানা পুড়ে গেছেন। তাঁকে বাঁচাতে গিয়ে তিনিও সামান্য পুড়েছেন। তবে পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেলে দগ্ধ অবস্থায় শাহানা ও রনিকে বার্ন ইউনিটে নিয়ে যান স্থানীয় লোকজন। চিকিৎসকেরা জানিয়েছেন, শাহানার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।
হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর রনি সাংবাদিকদের জানান, তাঁরা স্বামী-স্ত্রী মিরপুর ১২ নম্বরে ডি ব্লকের ২৯ নম্বর লাইনের ছয়তলা বাড়ির তিনতলায় থাকেন। বাড়িটি নতুন বলে সেখানে গ্যাসলাইন যায়নি। সেখানকার বাসিন্দারা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। রনি দাবি করেন, আজ বিকেল চারটার দিকে শাহানা রান্না করতে গ্যাস সিলিন্ডারযুক্ত চুলায় আগুন জ্বালান। তখন সিলিন্ডারের লাইন থেকে আগুনের ফুলকি বের হয়ে শাহানার কাপড়ে ধরে যায়। তখন তাঁর চিৎকারে তাঁকে রক্ষা করতে গেলে তিনিও দগ্ধ হন।
তবে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ওই বাসায় গিয়ে কোনো গ্যাস সিলিন্ডার পাওয়া যায়নি। ওই বাসায় গ্যাস–সংযোগ রয়েছে। তবে সেখানে কেরোসিনের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কেরোসিন নিয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে ওই গৃহবধূ শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন, না অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।