পল্লবীতে নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বস্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে এক  নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়িওয়ালা আবদুল মতিনকে (৪০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বস্তিবাসী।

বস্তিবাসীর অভিযোগ, ওই নারীকে তাঁর বস্তি ঘরের মালিক আবদুল মতিন (৪০) ধর্ষণ করেছেন। এ ঘটনায় বস্তিবাসী মতিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাঁকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে  বলেন, ধর্ষণের শিকার ওই নারী তাঁর স্বামীর সঙ্গে বস্তিতে থাকেন। তাঁর স্বামী ওই বস্তির নৈশপ্রহরী। ভোর চারটার দিকে তাঁর স্বামী বাসার বাইরে ছিলেন। এই সুযোগে বস্তি ঘরের মালিক মতিন ঘরে ঢুকে পড়েন। একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন। ওই নারী চিত্কার করলে আশপাশের লোকজন গিয়ে মতিনকে ধরে ফেলে। পরে মতিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে পল্লবী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।