পল্লবীতে নারীর 'রহস্যজনক' মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাহিদা আক্তার (২৫) নামের ওই নারীর মৃত্যু রহস্যজনক বলে মন্তব্য করছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সাহিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। তাঁর দুই সন্তান রয়েছে। মিরপুরের একটি সুপার শপে তিনি বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের দেওয়া খবর পেয়ে সাহিদার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ওই যুবক সাহিদার বাসায় আসা-যাওয়া করতেন।

ওসি বলেন, ‘মৃত্যুর ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটা হত্যা নাকি আত্মহত্যা, তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’