পল্লবীতে পান দোকানিকে ছুরিকাঘাতে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীর প্যারিস রোডে গতকাল বুধবার রাতে সাত্তার মিয়া (২৮) নামের এক পান দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় হামলাকারী সন্দেহে রিপন নামের একজন যুবক গণপিটুনির শিকার হন।পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে প্যারিস রোডের বটতলায় পানের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন সাত্তার। এ সময় রিপন সাত্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আশপাশের লোকজন রক্তমাখা ছুরিসহ রিপনকে ধরে মারধর করে। পরে তাঁকে পল্লবী থানায় সোপর্দ করা হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সাত্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, হত্যার কথা রিপন স্বীকার করেছেন। পূর্বশত্রুতাবশত তিনি সাত্তারকে ছুরিকাঘাত করেন।