রাজধানীর পল্লবীর কালসি এলাকার সিরামিকস রোডে পুলিশের গুলিতে আহত মোহাম্মদ জাবেদ মোল্লা (১৮) গত মঙ্গলবার রাতে হাসপাতালে মারা গেছেন। সাতক্ষীরা সদর উপজেলায় গতকাল বুধবার পুলিশের গুলিতে আহত হয়েছেন যুবদলের নেতা জিয়ারুল ইসলাম (৩২)।
পল্লবী থানার পুলিশ জানায়, ২৪ জানুয়ারি ভোরে পুলিশের কাছে খবর আসে, পল্লবীর কালসির সিরামিকস রোডে ডাকাতেরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা বোমা ছুড়ে মারলে পুলিশও গুলি ছোড়ে। এতে জাবেদের বাঁ হাঁটুতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান দাবি করেন, ঘটনার সময় জাবেদের কাছ থেকে রামদা, চাপাতি ও তাজা ককটেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে।
তবে জাবেদের বাবা আনোয়ার হোসেন গতকাল মর্গে সাংবাদিকদের জানান, তাঁর ছেলে সন্ত্রাসী নন। পুলিশ গুলি করার আগে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো থানায় মামলা ছিল না। জাবেদ বেনারসি শাড়িতে কারচুপি বসাতেন। তবে মাঝেমধ্যে গাঁজা সেবন করতেন তিনি।
মা-বাবার সঙ্গে ১২/২, কুর্মিটোলার নতুন রাস্তা এলাকায় থাকতেন জাবেদ।
সাতক্ষীরায় যুবদলের নেতা গুলিবিদ্ধ: সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার রামচন্দ্রপুর তিন রাস্তার মোড়ে জামায়াত-শিবির ও যুবদলের নেতা-কর্মীরা নাশকতা চালানোর উদ্দেশ্যে সংগঠিত হচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের একটি দল সেখানে ছুটে যায়। তারা রামচন্দ্রপুর তিন রাস্তার মোড়ে পৌঁছামাত্র জামায়াত-শিবির ও যুবদলের ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী ও সমর্থক তাদের লক্ষ্য করে ইট, বোমা ও ককলেট ছুড়তে শুরু করে। একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জিয়ারুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইলিকা ঘোষ জানান, জিয়ারুলের ডান পায়ে দুটি গুলি লেগেছে। অস্ত্রোপচার করে তা বের করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।
জিয়ারুল সদর উপজেলার দহাকুলা গ্রামের আজিমউদ্দীন সরদারের ছেলে। জিয়ারুলের স্ত্রী জবেদা খাতুন জানান, সাতক্ষীরা আদালতে একটি মামলায় হাজিরা দিতে তাঁর স্বামী সকাল সাড়ে নয়টায় বাড়ি থেকে বের হন। তিনি বেলা পৌনে একটার দিকে জানতে পারেন, তাঁর স্বামী রামচন্দ্রপুর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।
সদর থানার ওসি ইনামুল হক জানান, জিয়ারুলের বিরুদ্ধে ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে মৎস্যদলের নেতা আমানুল্লাহ আমান হত্যাসহ বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। তিনি জানান, বোমায় দুজন কনস্টেবল সামান্য আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করবেন।
চট্টগ্রামে ছুরিকাঘাতে বিএনপির নেতা নিহত: আমাদের চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাঝিরঘাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি জানে আলম (৪০) খুন হন। বিএনপির দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
পুলিশ জানায়, জানে আলমকে সকালে মুক্তিযোদ্ধা ক্লাবের সামনে আহতাবস্থায় পড়ে থাকতে দেখে দুজন পথচারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা জানে আলমকে মৃত ঘোষণা করেন। জানে আলম মুক্তিযোদ্ধা ক্লাবে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তিনি অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
সদরঘাট থানার ওসি প্রণব চৌধুরী জানান, এ ঘটনায় জানে আলমের স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
সংশোধনী: গতকাল প্রথম আলোর প্রথম পাতায় গতকাল ‘বন্দুকযুদ্ধে নিহত ২’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে যশোরের অভয়নগরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত রবিউল ইসলামকে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড বলা হয়। আসলে রবিউল ছিলেন স্থানীয় সন্ত্রাসী মেজবাহ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। আর খুলনার ফুলতলায় নিহত তৌহিদুল ইসলাম ছিলেন নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।