পল্লবীতে বন্দুকযুদ্ধে পুলিশসহ তিনজন আহত
রাজধানীর পল্লবীতে গতকাল বুধবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় পুলিশসহ তিনজন আহত হয়েছে। আহত সুমন (২৫) ও আল আমিনকে (২৭) গ্রেপ্তার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।পল্লবী থানার সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে একদল সন্ত্রাসী ১০ লাখ টাকা চাঁদা আনতে মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা নূর মোহাম্মদের বাড়িতে যায়। তিন সন্ত্রাসী বাড়ির বাইরে ছিল। দুই সন্ত্রাসী তৃতীয় তলায় নূর মোহাম্মদের বাসায় ঢোকে। তারা চাঁদার টাকা না পেয়ে তাঁর ভাতিজাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির দেয়ালে লাগে। একপর্যায়ে দারোয়ান বাড়ির নিচতলার ফটক আটকিয়ে দিলে সন্ত্রাসীরা ভেতরে আটকা পড়ে। পরে বিষয়টি পল্লবী থানায় জানানো হয়।পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করলে ভেতরে ও বাইরে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে বাড়ির ফটক খুলে ভেতরে ঢোকে। এ সময় দুইপক্ষের গুলিবিনিময়ে সন্ত্রাসী সুমন ও আল আমিন আহত হন। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল লতিফ আহত হন। তাঁকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ ও পল্লবী-কাফরুল অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ সিরাজ আমীন ঘটনাস্থলে যান। তাঁরা প্রথম আলোকে বলেন, পৌনে এক ঘণ্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। দুই সন্ত্রাসীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা গেলেও তাদের সহযোগীরা পালিয়ে গেছে। সন্ত্রাসীদের কাছ থেকে একটি পিস্তল ও ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।