পল্লবীতে মাদ্রাসা ভবনে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর তামিরুল হায়াত ইনস্টিটিউট মাদ্রাসায় সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পল্লবীর ১২ নম্বর সেকশনের সি ব্লকের ১১ নম্বর লেনের ১৮ নম্বর বাসায় মাদ্রাসা ভবন থেকে আজ শনিবার সকাল আটটার দিকে সাইফুলের লাশ উদ্ধার করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশের দাবি, সাইফুল আত্মহত্যা করেছেন। 

তামিরুল হায়াত ইনস্টিটিউটের অধ্যক্ষ আলী আজম জানান, সাইফুল মাদ্রাসার ছয়তলার একটি কক্ষে ভাড়া থাকতেন। আজ সকালে ডাকাডাকির পরও তিনি কক্ষের দরজা খুলছিলেন না। পরে পল্লবী থানার পুলিশ কক্ষটির দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে। সাইফুল ওই মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন। তিনি কয়েক মাস আগে বাংলা টিস্যু নামে বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে যোগ দেন। এর পরও ওই মাদ্রাসায় থাকতেন তিনি।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইফুল আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় বিকেলে নিয়ে গেছেন তাঁর ছোট ভাই জাভেদ।

এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।