পল্লবীতে মিনিবাসের ধাক্কায় নৈশপ্রহরী নিহত
রাজধানীর পল্লবী থানা এলাকায় আজ শনিবার সন্ধ্যায় মিনিবাসের ধাক্কায় মাসুদ আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বাউনিয়াবাদের বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ির নৈশপ্রহরী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বাউনিয়াবাদ এলাকার এক বাসায় পরিবার নিয়ে থাকতেন মাসুদ। সেখানকার বেড়িবাঁধ এলাকায় তিনি নৈশপ্রহরীরর কাজ করতেন। সন্ধ্যা ছয়টার দিকে সাইকেল চালিয়ে তিনি বেড়িবাঁধ এলাকায় যাচ্ছিলেন। পথে কালশী চৌরাস্তা এলাকায় ইটিসি পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মিনিবাসসহ চালক মামুন খানকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।