পল্লবীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, দুজন আটক
প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে শাহ আলী ওরফে রকি (৩০) নামের যুবলীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থলের আশপাশ থেকে হত্যায় ব্যবহূত চারটি চাপাতি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শাহ আলী যুবলীগের পল্লবীর ৯২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিটের সভাপতি ছিলেন। পরিবারের অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় কয়েকজন নেতা-কর্মী এ ঘটনা ঘটিয়েছেন।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আলী পরিবারের সঙ্গে পল্লবীর ৭ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কে এক বাসায় থাকতেন। পেশায় তিনি ঝুট কাপড়ের ব্যবসায়ী ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে নাশতা করার জন্য তিনি বাসা থেকে বের হয়ে একটি খাবারের হোটেলে খাচ্ছিলেন। বাসা থেকে কয়েক গজ দূরে চার নম্বর সড়কের গলিতে যাওয়া মাত্রই এক যুবক পেছন দিক থেকে তাঁকে ঘুষি মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছু বুঝে ওঠার আগে আরও কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। শাহ আলী নিস্তেজ হয়ে পড়লে যুবকেরা দৌড়ে পালিয়ে যান। পালানোর সময় রক্তমাখা চারটি চাপাতি ওই গলির বিভিন্ন স্থানে ফেলে যান। অনেকক্ষণ নিস্তেজ অবস্থায় পড়ে থাকার পর স্থানীয় কয়েকজন লোক শাহ আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় গলির দুই পাশের সারিতে থাকা শতাধিক দোকানপাট খোলা ছিল। ছিল মানুষের সমাগম। এর মধ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটালেও ভয়ে কেউ এগিয়ে যায়নি।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চার নম্বর সড়কের এক জায়গায় ছোপ ছোপ রক্ত পড়ে আছে। ওই স্থানটিকে দুটি কাঠের খাট দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের কর্মকর্তা ছাড়াও স্থানীয় লোকজনের ভিড়। ওই গলির সবকটি দোকানপাট ছিল বন্ধ। ঘটনার পর ভয়ে সবাই তা বন্ধ করেছেন বলে স্থানীয় লোকজন জানান। বাসায় গিয়ে দেখা যায়, সেখানে চলছে মাতম। একই এলাকার চার নম্বর সড়কে শাহ আলীর শ্বশুরের বাসায় গিয়ে দেখা যায়, স্বামীকে হারিয়ে প্রায় অচেতন তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। তাঁর পাশেই নিজের মতো করেই খেলছিলেন দুই বছরের শিশুসন্তান আদনান রহমান।
বাসায় গেলে শাহ আলীর বাবা পল্লবী থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও মা মনি বেগম কাঁদতে কাঁদতে প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন নেতা-কর্মী এ ঘটনায় জড়িত। তিনি বলেন, সপ্তাহ খানেক আগে এক নেতা মদ্যপ অবস্থায় শাহ আলীর শ্বশুর একই এলাকার বাসিন্দা মো. দুলালের ওপর হামলা চালায়। এ ঘটনায় শাহ আলীর বন্ধুরা ওই নেতার বড় ভাইকে মারধর করেন। শাহ আলীর শ্বশুর ওই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন। এর প্রতিশোধ নিতেই স্থানীয় বিএনপির আরও কয়েকজন নেতার পরিকল্পনায় শাহ আলীকে খুন করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান শাহ আলীর বাবা-মা।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব, ঝুট ব্যবসাসংক্রান্ত শত্রুতা ও ব্যক্তিগত ঝামেলা-এ তিনটি বিষয়কে সামনে রেখেই তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।