পল্লবীতে যুবলীগের কার্যালয় থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়া বাঁধ এলাকায় যুবলীগের কার্যালয় থেকে গতকাল রোববার সকালে আবদুল খালেক নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গতকাল রাতে সবুজবাগে সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত হয়েছেন। পল্লবী থানার পুলিশ জানায়, আবদুল খালেক একজন ভবঘুরে। এলাকায় তিনি উকিল হিসেবে পরিচিত। সারা দিন ঘুরেফিরে রাতে বাউনিয়া বাঁধের সি ব্লকে যুবলীগের ইউনিট কার্যালয়ে এসে ঘুমাতেন। শনিবার রাতে এসে তিনি ঘুমানোর পর রোববার যুবলীগের নেতা-কর্মীরা গিয়ে তাঁকে মৃত অবস্থায় পান। এরপর তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ গতকাল বেলা ১১টার দিকে এসে লাশ উদ্ধার করে। সবুজবাগ থানার পুলিশ জানায়, মোবাইল ফোন মেকানিক আতাউল (২৯) তাঁর বান্ধবী নূর জাহানকে (২২) নিয়ে রাত আটটার দিকে দক্ষিণগাঁও গ্রিন মডেল টাউন এলাকায় বেড়াতে এলে স্থানীয় যুবকেরা তাঁদের চারটি মোবাইল ফোনসেট ও ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর আতাউল তাঁর বন্ধু মতিঝিল থানা হকার্স লীগের সাধারণ সম্পাদক অমিত চৌধুরীকে বিষয়টি জানালে অমিত কয়েকজন সঙ্গীসহ ওই এলাকায় যান। এ সময় মোবাইল ফোনসেট ছিনিয়ে নেওয়া স্থানীয় যুবকদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তারা গুলি শুরু করলে অমিত চৌধুরী পায়ে ও আনোয়ার নামের একজন পথচারী তলপেটে গুলিবিদ্ধ হন।