পল্লবীতে শিশু ধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে শিশু গৃহকর্মী ধর্ষণের ঘটনায় পুলিশ মনজুর আলম (২৮) নামের এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোরে মিরপুর ১২ নম্বর সেকশনের এ-ব্লকের এমআই স্কুলের পাশের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানার ওসি মো. দাদন ফকির গতকাল বলেন, জিজ্ঞাসাবাদে মনজুর আলম শিশু গৃহকর্মীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। গৃহকর্মীর মা বাদী হয়ে গতকাল সকালে মনজুর ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। আজ শনিবার মনজুরকে রিমান্ডে নেওয়ার জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে। ধর্ষণের শিকার শিশুটি (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
সূত্র বলেছে, ওই গৃহকর্মী মিরপুর ১২ নম্বর সেকশনের একটি বাড়িতে কাজ করত। মনজুর একটি রেন্ট-এ কার প্রতিষ্ঠানের গাড়িচালক। গত বৃহস্পতিবার সকালে ওই বাড়ির এক গৃহকর্মীকে দিয়ে শিশুটিকে ডেকে এনে মনজুর ফুসলিয়ে তাকে এমআই স্কুলের পাশে তাঁর ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন। ওই ঘটনার সময় মনজুরের স্ত্রী বাসায় ছিলেন না। মনজুর ছদ্মনাম সাগর ব্যবহার করে আসছিলেন।
চকবাজার থানার এতিমখানা রোডে সাত বছর বয়সী শিশু গৃহকর্মী ধর্ষণের ঘটনায় আটক গৃহকর্তা জয়নাল আবদিনের বিরুদ্ধে গতকাল সকালে চকবাজার থানায় মামলা করেছে শিশুটির বাবা। আজ জয়নালকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার রাতে এতিমখানা রোডের বাসিন্দা জয়নাল আবেদিন তাঁর বাসার শিশু গৃহকর্মীকে ধর্ষণ করেন বলে প্রতিবেশীরা পুলিশের কাছে অভিযোগ করেন।