পল্লবীতে ১০ মিনিটের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানা এলাকায় গতকাল শুক্রবার ১০ মিনিটের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর একটিতে মিনিবাসের ধাক্কায় নিহত হয়েছেন আবুল বাশার (৪৫) নামের একজন। অপর ঘটনায় মিনিবাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক্রোবাস।তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় এক শ্রমিকের অপমৃত্যু হয়েছে।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ১১ নম্বরে মিরপুর থেকে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী মিনিবাস এক ব্যক্তিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে তাঁর নাম আবুল বাশার বলে জানা যায়। পরিচয়পত্র অনুযায়ী, তিনি নিরাপত্তাকর্মী ছিলেন। ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।এসআই বলেন, এ ঘটনার ১০ মিনিট পর ওই স্থান থেকে অল্প দূরে বিহঙ্গ পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হলেও এর আরোহীদের কিছু হয়নি। বেপরোয়াভাবে চালানোর অভিযোগে পুলিশ মিনিবাসসহ চালক মো. হালিমকে আটক করে।শ্রমিকের অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা দুইটার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়ায় ওভারব্রিজের কাজ করার সময় ভারী বস্তুর চাপায় রিপন হাওলাদার (২৭) নামের একজন শ্রমিক মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি জানতে যোগাযোগ করা হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এদিকে গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডি এলাকা থেকে একজন গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।