পল্লবীতে ৪৪ নেপালি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ৪৪ জন নেপালিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীর ডিওএইচএসের একটি বাসা থেকে ওই নেপালিদের আটক করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পল্লবীর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের ১০৬০ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৪ জন নেপালিকে আটক করা হয়। তাঁদের সহযোগিতার অভিযোগে দুই বাংলাদেশিকেও আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আটক হওয়া নেপালিরা পর্যটক ভিসায় বাংলাদেশে এসে বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠানে কাজ করছিলেন। গত ১৯ জুলাই তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়। তাঁরা আর নতুন করে ভিসার আবেদন করেননি। তাঁরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন।

পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, আটক নেপালিদের আপাতত ওই ভবনেই রাখা হয়েছে। তাঁদের পুশব্যাক করা হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে।