পল্লি উন্নয়নে 'কুমিল্লা মডেল' এগিয়ে নেওয়ার আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লি উন্নয়নের ক্ষেত্রে আখতার হামিদ খানের চিন্তা ও কাজের ধারা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে তাঁর উত্তরসূরিদের। উন্নয়ন ধারণার মূল ভিত্তি হিসেবে তিনি তুলে ধরেছিলেন মানব উন্নয়নকে। তাই এটা দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পল্লি উন্নয়নে কুমিল্লা মডেলের প্রবক্তা আখতার হামিদ খানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।
আজ শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা আখতার হামিদ খানের জীবন ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আখতার হামিদ খান বিশ্বাস করতেন, বিদেশি সাহায্য দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। পল্লি উন্নয়নের মতো কঠিন কাজটি করার জন্য প্রয়োজন প্রায়োগিক গবেষণা ও প্রশিক্ষণ। আর এ জন্য প্রয়োজন একটি প্রতিষ্ঠান। তাঁর স্বপ্নের সে প্রতিষ্ঠানটিই ১৯৫৯ সালের ২৭ মে কুমিল্লা একাডেমি (বর্তমানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড) নামে কোটবাড়িতে জন্মলাভ করে । তাঁর ধারণাটি পরিচিতি পায় ‘কুমিল্লা মডেল’ হিসেবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প​ল্লি উন্নয়ন কর্মকাণ্ডে যুক্তদের কাছে আখতার হামিদ খান শিক্ষক এবং পথ প্রদর্শক। প্রান্তিক মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ খন্দকার আসাদুজ্জামান, সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, এম মোকাম্মেল হক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কাদির সরকার, সিরডাপের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক সেসেফ ইফেন্দি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রমুখ।