৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সেমিনারে বক্তারা
পল্লি উন্নয়নে বার্ড প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, পল্লি উন্নয়নে বার্ড প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বার্ডে আগে ক্ষুদ্রঋণের পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় ছিল। এখন সঞ্চয় হারিয়ে গেছে। প্রতিষ্ঠানটি এখন কেবল বুনিয়াদি প্রশিক্ষণ দিয়ে থাকে। নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে না। অথচ ষাটের দশকের কুমিল্লা পদ্ধতি দেশের পল্লি উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছিল।গতকাল শুক্রবার বেলা ১১টায় বার্ডের আখতার হামিদ খান মিলনায়তনে ‘পল্লী উন্নয়নে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ: বার্ডের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক মো. আতাউর রহমান।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের সাবেক পরিচালক এ কে এম ফজলুল বারি। মূল প্রবন্ধে তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির চ্যালেঞ্জই বার্ডের জন্য আগামী শতাব্দীর বড় চ্যালেঞ্জ। শস্য ও সবজি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বার্ড যে ভূমিকা রেখেছে, কৃষিক্ষেত্রেও তা রাখতে হবে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার বলেন, বার্ডের ক্ষুদ্র সঞ্চয় কার্যক্রম পিছিয়ে পড়ছে। এটাকে জাগাতে হবে। বর্তমান সরকার পল্লি উন্নয়নে নানামুখী কাজ করে যাচ্ছে।স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বার্ডের সাবেক পরিচালক তোফায়েল আহমেদ বলেন, বার্ড এখন আর আসল জায়গায় নেই। এখানে গবেষণার স্থলে কিছু প্রশিক্ষণ কোর্স হচ্ছে। পল্লি উন্নয়নে নতুন পদ্ধতি উদ্ভাবন হচ্ছে না। এটাকে সামনের দিকে নিতে হলে ঘুরে দাঁড়াতে হবে।প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, বার্ডের কার্যক্রম তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শোভাযাত্রা, পুনর্মিলনী, আলোচনা সভা, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বার্ডের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়।