পল্লি চিকিৎসককে হত্যা: জবানবন্দি দিলেন রাজীব গান্ধী
গাইবান্ধার পল্লি চিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন গুলশানের হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
আজ বৃহস্পতিবার গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জয়নাল আবেদীনের আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এদিকে অপর এক মামলায় একই আদালত তাঁর আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
২৭ মার্চ জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় গাইবান্ধার সিআইডি পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আবু আহম্মেদ আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের কথা নিশ্চিত করেছেন।
আজ বিকেলে মোবাইলে গাইবান্ধা সিআইডি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, রিমান্ডের চার দিনের মাথায় রাজীব গান্ধী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৫ সালের ২ জুন মনোহরপুর গ্রামের পল্লি চিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি খুন হন। ওই দিনই পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তাঁদের আদি বাড়ি পাশের সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের রাঘবপুর ভুতমারা (চকদাতেয়া) গ্রামে।
জাহাঙ্গীর ফের রিমান্ডে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়নাল আবেদীন।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সন্ধ্যায় জানান, ২০১৬ সালে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান হামলায় জড়িত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, তাঁদের মধ্যে রাজীব গান্ধী অন্যতম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব গান্ধী গুলশান ও শোলাকিয়া হামলায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন। পুলিশের অভিযানে নিহত জঙ্গিনেতা তামিম চৌধুরী ও নুরুল ইসলাম ওরফে মারজানের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এ ছাড়া জাপানি নাগরিক কুনিও হোশি, টাঙ্গাইলের দরজি নিখিল চন্দ্র জোয়ারদার, পাবনার পুরোহিত নিত্যরঞ্জন পাণ্ডে, রংপুরের মাজারের খাদেম রহমত আলী, কুষ্টিয়ার চিকিৎসক সানাউর, পঞ্চগড়ের পুরোহিত যজ্ঞেশ্বর, দিনাজপুরের হোমিও চিকিৎসক ধীরেন্দ্রনাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ ২২টি হত্যার ঘটনায় তিনি অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।
এ ছাড়া গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্ত (৩৮) এবং গত ২৫ মে সকালে একই উপজেলার মহিমাগঞ্জ বাজারের জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮) হত্যা মামলার আসামি। এই দুই হত্যা মামলার অভিযোগপত্রে জাহাঙ্গীরের নাম আছে।