নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বাজার এলাকায় গত মঙ্গলবার এক পল্লি চিকিৎসকের দুটি ইনজেকশনে ছামিয়া আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপর পালিয়ে যান ‘চিকিৎসক’ আলম মিয়া।
ছামিয়ার বাবা বুলবুল মিয়া জানান, কিছুদিন আগে তাঁর মেয়ের কোমরে একটি ফোড়া হয়। চিকিৎসা করাতে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কাঞ্চন বাজারে আলম মিয়ার আধুনিক মেডিসিন কর্নার দোকানে নিয়ে যান। এ সময় আলম মিয়া শিশুকে অচেতন করতে তার শরীরে দুটি ইনজেকশন দেন। সঙ্গে সঙ্গে শিশু ছামিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠলে পালিয়ে যান আলম।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক মঞ্জুদ্দোহা জানান, ‘এ ধরনের ঘটনা শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সদর উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণের মাথা উদ্ধারের দুই দিন পর তাঁর দেহের বাকি অংশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় অবস্থিত একটি নর্দমার ভেতর থেকে মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য পরে তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বুধবার দুপুরে দেলপাড়া থেকে যে মাথাটি উদ্ধার করা হয়েছিল, সেই মাথার দেহ গতকাল একই এলাকার একটি নর্দমা থেকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা অন্য কোথাও ওই তরুণকে হত্যার পর মাথা ও দেহ আলাদা করে এখানে এনে ফেলে গেছে। নিহত তরুণের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।