পল্লি না থাকায় জেলেদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের পশ্চিম বিভাগে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের জন্য নির্দিষ্ট পল্লি না থাকায় দীর্ঘদিন ধরে খুলনা-সাতক্ষীরা অঞ্চলের প্রায় ১০ হাজার জেলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
ভুক্তভোগী মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনার পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া এবং সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ ও তালা উপজেলার কয়েক হাজার মানুষ বহু বছর ধরে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের কোলঘেঁষে বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরে ও শুঁটকি তৈরি করে জীবনধারণ করে আসছেন। ব্রিটিশ আমল থেকেই বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের (পশ্চিম সুন্দরবন) জেলেরা মাদারবাড়িয়ায় এবং বাগেরহাট অঞ্চলের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের (পূর্ব সুন্দরবন) জেলেরা দুবলার চরে জেলেপল্লিতে অবস্থান নিয়ে মাছ ধরে আসছিলেন। কিন্তু ১৯৯৬ সালে সুন্দরবনের নোটাবেকি নদীর দক্ষিণ পাশ থেকে উত্তর বঙ্গোপসাগর-সংলগ্ন বিশাল এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করে। পাশাপাশি মাদারবাড়িয়া জেলেপল্লিটি বন্ধ করে দেওয়া হয়।
জেলেরা জানান, মাছ ধরার পর তা সংরক্ষণ ও নিজেদের আশ্রয়ের জন্য পশ্চিমাঞ্চলের জেলেদের পাঁচ-ছয় ঘণ্টা ট্রলার চালিয়ে দুবলার জেলেপল্লিতে পৌঁছাতে হয়। ততক্ষণে মাছে পচন ধরা ছাড়াও তাঁদের নানা রকম ক্ষতি হয়।
এ কারণে ২০০২ সালের জুনে অভয়ারণ্যের বাইরে রুমির চর, মেঘনা, সিন্দুকখালী, আগ্রাকোনা, বালিঝাকি ও ডিঙ্গেমারির মধ্যে যেকোনো একটি জায়গায় অস্থায়ীভাবে একটি জেলেপল্লি স্থাপনের দাবি জানিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে জেলেরা আবেদন করেন। এরপর গত ১১ বছরেও জেলেপল্লি স্থাপিত হয়নি। সর্বশেষ চলতি বছরের ১ জুলাই জেলেদের পক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার জহুরুল ইসলাম ও খুলনার পাইকগাছা উপজেলার বারিক সানার এসংক্রান্ত আবেদন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদারসহ কমিটির নয়জন সদস্যের সইসহ মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে।
প্রধান বন কর্মকর্তা (সিসিএফ) ইউনুস আলী বলেন, ‘সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা তথা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য আমরা দুবলার চরের বাইরে আর জেলেপল্লি স্থাপন করতে দিতে চাই না।’