পল্লি মেলার মূল আকর্ষণ লটারি-হাউজি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জসীম পল্লি মেলায় লটারি ও হাউজি চলছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ লটারির টিকিট কিনছে। আর সন্ধ্যার পর থেকে হাউজি খেলতেও অনেক মানুষ আসছেন। মেলায় লটারি ও হাউজি যুক্ত হওয়ায় ফরিদপুরের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গত ১৩ জানুয়ারি থেকে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের পল্লিকবির বাড়িসংলগ্ন কুমার নদের পাড়ে জসীম উদ্যানে এ পল্লি মেলা শুরু হয়েছে। ১৯৯১ সাল থেকে ওই জায়গাতেই এ মেলা হচ্ছে। জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসন মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এ বছর মেলাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মাগুরা জেলার কাটাখালী বাজার এলাকার জে জে এন্টারপ্রাইজকে।
মেলার ১৬৯টি স্টলে বিভিন্ন চারু ও কারুপণ্য বিক্রি করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে মেলার মাঠসংলগ্ন জসীম মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নাচ-গান, কবিতা আবৃত্তি, অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তবে মেলায় আসা দর্শকেরা মূলত লটারি ও হাউজির প্যান্ডেলেই ভিড় জমাচ্ছেন। বিশেষ করে লটারির প্রতি মানুষের আগ্রহ বেশি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুর জেলাসহ আশপাশের জেলায় ভ্যানে করে ১০ টাকা মূল্যের লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। রাত ১০টার পরে মেলার মাঠে প্রতিদিনের বিক্রি হওয়া টিকিটের ড্র অনুষ্ঠিত হচ্ছে। আর হাউজি খেলা শুরু হয় রাত আটটা থেকে। চলে গভীর রাত পর্যন্ত।
পুরস্কার হিসেবে কখনো গাড়ি, মোটরসাইকেল, কখনো সোনার চেইন বা কানের দুল দেওয়া হচ্ছে। এক দিনে পুরস্কার হিসেবে ২০টি মোটরসাইকেল পর্যন্ত দেওয়া হয়েছে। শুরু থেকেই লটারির ড্র অনুষ্ঠান স্থানীয় কেব্ল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হতো। তবে গত বুধবার থেকে প্রশাসন সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয়।
জে জে এন্টারপ্রাইজের পরিচালক জাহাঙ্গীর আলম গতকাল রোববার বলেন, মেলা পরিচালনার জন্য জসীম ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছে। তার মধ্যে হাউজি ও লটারির বিষয়ও রয়েছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, পল্লিকবির বাড়ির পাশে অনেক আগে থেকে এ মেলা হচ্ছে। চলতি বছর মেলাতে লটারি ও হাউজি যুক্ত হওয়ায় বিষয়টি তাঁরা ভালোভাবে নেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা বিতর্ক হচ্ছে।
ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সদস্য আলতাফ হোসেন বলেন, মেলাটি ইভেন্ট ম্যানেজমেন্টে দিয়ে দেওয়ায় সেই উচ্ছ্বাস আর নেই। আর এ মেলায় লটারি বা হাউজির আয়োজন কেন করা হলো তা তিনি বুঝতে পারছেন না। আগে মেলায় কেউ এগুলো করার চেষ্টা করলে প্রশাসন তা কঠোর হাতে দমন করেছে। কিন্তু এবার মনে হয়েছে, অসামাজিক এই কাজে প্রশাসন যেন বৈধতা দিয়ে দিল। জসীম পল্লি মেলায় এটা কোনোভাবেই মানা যায় না।
জসীম ফাউন্ডেশনের সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিতে লটারি ও হাউজির বিষয়টি ছিল। তবে এটি অনেকে ভালোভাবে নেননি। আগামী মেলায় এ বিষয়টি খেয়াল রাখা হবে।